রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে তুলে দেয়। এতে চাপা পড়ে মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০) নামে  দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় প্রথমে তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জাহাঙ্গীরকে ভোর ৪টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। জাকিরকে ভর্তি করা হয়। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তি‌নিও মারা যান। আরেক জন চিকিৎসাধীন রয়েছেন। 

মারা যাওয়া দুজনেই অটোরিকশাচালক। তারা যাত্রীর জন্য অপেক্ষায় দাড়িয়ে ছিলেন সেখানে। 

কদমতলী থানার এসআই মো. জামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। চালককে আট‌কের চেষ্টা চলছে। 

নিহত জাহাঙ্গীর পোদ্দারের সহকর্মী হৃদয় জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজন আহত হয়। এতে দুজন মারা গেছেন। আরেক জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে নিহত জাকির। বর্তমানে কদমতলীর মোহাম্মদবাগ, পাকার মাথা এলাকায় থাকতেন। 

পটুয়াখালী সদর উপজেলার শাহ আলম পোদ্দারের ছেলে নিহত জাহাঙ্গীর পোদ্দার। বর্তমানে থাকতেন নামা শ্যামপুর এলাকায়।