শাহজালালে ১২ কেজি স্বর্ণের পেস্টসহ আটক দুই চীনা নাগরিক কারাগারে

দুবাই থেকে ঢাকায় আসার পর অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে ১২ কেজি স্বর্ণের পেস্ট বহনের অভিযোগে গ্রেফতার দুই চীনা নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন চেন লিউন ও মো শিয়াওইউ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাত দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. মাজেদুল ইসলাম।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২৯ অক্টোবর আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই দুই যাত্রী। কোনও ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমসের শিফট-এ ও প্রিভেনটিভ টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

পরে তল্লাশি চালিয়ে তাদের পরিহিত জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কালো কাপড় দিয়ে সেলাই করে বিশেষ কৌশলে লুকানো নরম হলুদ রঙের পেস্টজাতীয় বস্তু পাওয়া যায়। সংশ্লিষ্ট কাপড় কেটে সেগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে বস্তুগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়।

এজাহারে বলা হয়েছে, দুই আসামির প্রত্যেকের কাছ থেকে আনুমানিক ৬ কেজি করে মোট ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। তবে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন, পরিহিত প্যান্ট, অন্তর্বাস ও স্কচটেপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করেন কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেনটিভ) জামিল সারোয়ার আহাদ।