ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান পদে আবু আবেদীন মো. কাওসার হাসানকে দেওয়া নিয়োগপত্রটি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অধ্যাপক লালা রুখ সেলিমকে কেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন।
অধ্যাপক লালা রুখ সেলিমের করা এক রিটে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন লালা রুখ। রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য (প্রশাসন), ভারপ্রাপ্ত রেজিস্টার এবং সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
বিভাগের বিদায়ী চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ২৯ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে গত ১৫ সেপ্টেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক লালা রুখ সেলিমকে নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার জন্য রেজিস্ট্রারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সুপারিশ উপেক্ষা করে ২১ সেপ্টেম্বর এএএম কাউসার হাসানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ দেয়। যা কার্যকর করা হয় ২৯ সেপ্টেম্বর থেকে।