নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিউ গিনি প্রোপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানা পু‌লিশের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি নিউ গিনি প্রোপার্টিজের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও মারামারিতে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পারস্পরিক মারামারিতে গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।