রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. আকতার হোসেন জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ছদ্মবেশে থাকা একদল বিশৃঙ্খলাকারী দায়িত্বরত পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা ও ভারী ইটপাটকেল দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য রক্তাক্ত ও গুরুতর আহত হন।
ওই দিন সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের আড়ালে থাকা কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
সংঘর্ষের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে একা পেয়ে ঘিরে ধরে মারধর করেন হামলাকারীরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ডিবি। পরে তাদের গ্রেফতার করা হয়।