ঢাবি থেকে থানা কম্পাউন্ড: রাজধানীতে হঠাৎ সিরিজ ককটেল বিস্ফোরণে উদ্বেগ

রাজধানী ঢাকা জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে সিরিজ ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নাশকতামূলক তৎপরতা রবিবার (৮ নভেম্বর) রাতে ভয়াবহ রূপ নেয়। রাতের অন্ধকারে রাজধানীর অন্তত ৫টি থানা প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ভাটারা থানা প্রাঙ্গণের সামনে পার্কিংয়ে থাকা একটি স্কুলবাসসহ যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একের পর এক এসব সহিংসতায় স্তব্ধ ও আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো নগরবাসী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু, এরপর থানা প্রাঙ্গণে ককটেল ‘বৃষ্টি’

ঘটনার সূত্রপাত ঘটে রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। টিএসসি ও নীলক্ষেতসহ ক্যাম্পাসের অন্তত ৫টি স্পটে আধা ঘণ্টার ব্যবধানে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ, যাদের মধ্যে একজন নিজেকে বিএনপি কর্মী হিসেবে দাবি করেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হওয়া এই সিরিজ বিস্ফোরণের ঢেউ রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর থানা ও কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে: 

পল্লবী থানা: রাত সোয়া ৮টার দিকে পল্লবী ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা থানা কম্পাউন্ডের ভেতরে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণে এক এসআরবি সদস্য আহত হন। 

সিআইডি সদরদফতর ও পল্টন থানা: মালিবাগে সিআইডি সদরদফতরের সামনে ও পল্টন থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

খিলক্ষেত ও উত্তর-পূর্ব থানা: রাত ১০টার দিকে খিলক্ষেত থানার একেবারে প্রবেশমুখে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটলে পুলিশ সদস্যদের মাঝে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। 

রূপনগর ও অন্যান্য: দারুস সালাম, উত্তরা পূর্ব ও রূপনগর থানার সামনে ককটেল হামলা চালানো হয়। রূপনগর থানায় হামলা চালিয়ে পালানোর সময় স্থানীয় জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ করে।

এছাড়া মহাখালী, তেজগাঁও, পান্থপথ, ধানমন্ডি, গাবতলী, ক্যান্টনমেন্ট স্টেশন এবং হোটেল রেডিসন ব্লুর আশপাশের এলাকা ও যাত্রাবাড়ীতে মোটর বাসে ও প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি সিসিটিভি ফুটেজ ও ড্যাশ ক্যাম ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি চলন্ত অবস্থায় পূর্ব-নির্ধারিত লক্ষ্যবস্তুতে ককটেল ছুড়ে মেরে দ্রুত সটকে পড়ছে। এমনকি অপরাধীরা নিজেরাও এই হামলার দৃশ্য ভিডিও করে জনমনে ভীতি তৈরি করতে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। 

এক শ্রমিক আন্দোলনের ক্ষত শুকাতে না শুাতেই হঠাৎ এমন নৈরাজ্যে চরম উদ্বেগে সাধারণ মানুষ। বনশ্রীর বেসরকারি চাকুরিজীবী আবির হোসেন বলেন, ‘২৪-এর আন্দোলনের মারাত্মক সহিংসতার ক্ষত এখনও শুকায়নি। তার ওপর থানার মতো জায়গায় এমন হামলা আবারও কোনও বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।’ 

কামরুজ্জামান শাহিন নামের এক পথচারী বলেন, ‘আমরা সাধারণ মানুষ। এমনিতেই জিনিসপত্রের দাম  অনেক বেশি। তারওপর দেশ আবার যদি অস্থিতিশিল হয় তাহলে আমরা কোথায় যাবো। রাজনৈতিক স্থিতিশিলতা না হলে একদিকে দেশের উন্নয়ন সম্ভব না অন্যদিকে দেশের সাধারণ মানুষও এর কুফল ভোগ করবে। দেশের স্থিতিশিল কীভাবে আনা যায় নিশ্চয় সরকার সেটি দেখবে।’

এদিকে গৃহিনী রোজিনা ইসলাম ও সাধারণ পথচারীরা দ্রুত এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

যা বলছে ডিএমপি

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জনমনে চরম ভয় ও নাশকতার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, ‘পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পেট্রোল পাম্প থেকে শুরু করে বিস্ফোরক ও দাহ্য পদার্থ কেনাবেচার ওপর বিশেষ মনিটরিং ও কড়া নজরদারি জোরদার করা হয়েছে।’ 

নগরবাসীর জানমালের নিরাপত্তায় মোড়ে মোড়ে পিকেট ডিউটি এবং মোবাইল প্যাট্রোল বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।