আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা’।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় তার ব্যবহৃত ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কোনও বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

পোস্টের শেষে আসিফ নজরুল ফোনটি উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই উপদেষ্টা।