আদালত প্রাঙ্গণ। চারদিকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারায়। প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি, এজলাসে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতি। এত নিরাপত্তার মাঝেও আদালত থেকে পালিয়ে যাচ্ছে হত্যা মামলার আসামিরা। কখনো পুলিশের হেফাজত থেকে, কখনো এজলাসের কাঠগড়া কিংবা আদালতের আশপাশ থেকে। গত এক মাসের ব্যবধানে ঢাকার আদালত থেকে দুটি হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় আদালত প্রাঙ্গণের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। এর আগে গত ৬ অক্টোবর ঢাকার আদালত থেকে পালিয়ে গেছেন হাজতি আসামি শরিফুল ইসলাম। একই আসামি এর আগেও ২০২৫ সালের ১৯ জুন আদালত থেকে পালিয়েছিলেন। অর্থাৎ, দুই দফায় আদালত থেকে পালানোর ঘটনা ঘটেছে একই ব্যক্তির ক্ষেত্রে।
একের পর এক এমন ঘটনায় আদালতের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, জনবল সংকট, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অসতর্কতা, দুর্বল নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থাপনার ঘাটতিই এসব ঘটনার পেছনে ভূমিকা রাখছে। প্রশ্ন উঠেছে, আদালতের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত স্থানে আসামিদের নিরাপদ হেফাজত নিশ্চিত করা যাচ্ছে না কেন?
একই আসামির দুইবার পালানোর ঘটনা
গত ৬ অক্টোবর কোতোয়ালি থানায় করা একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য শরিফুল ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজির করা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সেদিন সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
এর আগে ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকেও পালিয়েছিলেন শরিফুল। খিলগাঁও থানার কিশোর জিসান হোসেন হত্যা মামলারি আসামি হিসেবে তাকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
ওই ঘটনায় হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্যই শরিফুলকে আবারও আদালতে আনা হয়েছিল। অথচ যে মামলায় সাক্ষ্য দিতে তাকে আদালতে হাজির করা হয়, সেই আদালত থেকেই ফের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। একই আসামির দুই দফায় পালিয়ে যাওয়ার ঘটনা আদালতের নিরাপত্তা ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে এনেছে।
যেভাবে পালিয়ে যান হত্যা মামলার আসামি কাউসার
গত মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাসের কাঠগড়া থেকে পালিয়ে যান কাউসার মিয়া। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালতে সেদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী হাজির না হওয়ায় আগামী ২৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন আদালত।
আসামিকে আদালতে আনা-নেওয়ার দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাত তাকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রেখেছিলেন। পরে আরাফাত আদালতের সামনের দিকে য্ন। সেই সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
কোতোয়ালি থানার ওসি কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় বাথরুমে ছুরিকাঘাতে হত্যা করা হয় গার্মেন্টসকর্মী আলো আক্তারকে। পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তে নেমে টঙ্গী থেকে কাউসারকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে আলোকে হত্যার কথা জানান তিনি।
২০২১ সালের জুনে কাউসারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এ পর্যন্ত মামলায় নিহতের বাবা ও বড় বোন সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা হত্যা মামলার এই আসামির এজলাস থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
জনবল সংকট, নাকি দায়িত্বে অবহেলা?
ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার জজ কোর্ট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন প্রায় ৫০০ আসামিকে হাজির করা হয়। তাদের নিরাপত্তা ও আনা-নেওয়ার কাজে প্রতিদিন বরাদ্দ রয়েছে ৪৩৮ জন পুলিশ সদস্য। তবে ছুটি, দাফতরিক কাজসহ বিভিন্ন কারণে এই জনবলের সবাই সব সময় আসামি আনা-নেওয়ার কাজে নিয়োজিত থাকতে পারেন না।
সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভাষ্য, জনবল সংকটের কারণে হত্যা, ডাকাতিসহ গুরুতর অপরাধের মামলার আসামিদের ক্ষেত্রেও সব সময় বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। গুরুত্বপূর্ণ আসামিদের জন্য অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করতে হলে অন্য আসামিদের আনা-নেওয়ার কাজে চাপ তৈরি হয়।
তবে শুধু জনবল সংকটকেই দায়ী করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অসতর্কতা ও দায়িত্ব পালনে গাফিলতিকেও আসামি পালানোর অন্যতম কারণ হিসেবে দেখছে প্রসিকিউশন বিভাগ।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বাংলা ট্রিবিউনকে জানান, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযানও চলছে।
তিনি বলেন, ‘‘পরপর দুটি ঘটনায় দেখা গেছে, আসামিরা এজলাস থেকেই পালিয়েছেন। আদালতে আসামির কাস্টডি ওয়ারেন্ট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলরা যখন পেশকারের কাছে যান, তখনই আসামিরা সুযোগ নিচ্ছেন। এ সময় আসামির নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে না।’’
ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলের ভাষ্য, আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে অনেক সময় পর্যাপ্ত পুলিশ সদস্য থাকে না। আবার হাতকড়া যথাযথভাবে লাগানো হয়েছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। হাতকড়া ঢিলেঢালা থাকলে আসামিরা সেই সুযোগ নিতে পারেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।’’
পুলিশের সতর্কতার অভাব, বললনে পাবলিক প্রসিকিউটর
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মনে করেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অবহেলা ও অসতর্কতার কারণেই আসামিরা পালানোর সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ‘‘আসামি আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সব সময় সতর্ক ও সচেতন থাকতে হবে। কিন্তু অনেক সময় তাদের মধ্যে সেই ধরনের তৎপরতা দেখা যায় না। এ সুযোগকেই কাজে লাগিয়ে আসামিরা পালিয়ে যাচ্ছেন।’’
ওমর ফারুক ফারুকী বলেন, ‘‘আদালতে আসামিদের নিরাপত্তার জন্য আরও পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োগ করা প্রয়োজন। পাশাপাশি এ কাজে দক্ষ ও চৌকস পুলিশ সদস্যদের দায়িত্ব দিতে হবে। দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত কাউন্সেলিং ও সভার মাধ্যমে সতর্ক করা হলেও বাস্তবে তাদের সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে।’’
আদালত থেকে আসামি পালানোর ঘটনা নতুন নয়
ঢাকার আদালত থেকে আসামি পালানোর ঘটনা নতুন নয়। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পালিয়ে যান ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম। শুনানির জন্য একসঙ্গে ১২ জন আসামিকে আনা হলে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। ঘটনার এক মাস পর তাকে আবার গ্রেফতার করা হয়।
২০২৪ সালের ১৬ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যান হাতিরঝিল থানার একটি ডাকাতি মামলার আসামি আরিফুর রহমান। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।
এর আগে ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় আদালতে জঙ্গিদের আনা-নেওয়ার সময় দুই হাতে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট ব্যবহারের নিয়ম মানা হয়নি বলে জানা যায়।
অর্ধেকের বেশি সিসিটিভি ক্যামেরা নষ্ট
আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজলাস, করিডর, সিঁড়ি, হাজতখানা ও বের হওয়ার পথ ক্যামেরার আওতায় থাকলে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং পালানোর ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব। কিন্তু আদালতে স্থাপিত অর্ধেকের বেশি সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকার তথ্যও সামনে এসেছে। ফলে আদালতের গুরুত্বপূর্ণ অংশগুলোতে সার্বক্ষণিক নজরদারি কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
নিরাপত্তার আরেকটি দুর্বলতা হলো— আদালত প্রাঙ্গণে অবাধ প্রবেশ। ঢাকার বিভিন্ন আদালত চত্বরে হকার, ছিনতাইকারী ও পকেটমারদের আনাগোনার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য— অনেক ক্ষেত্রে কোনো ধরনের তল্লাশি ছাড়াই লোকজন আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন।
তাদের অভিযোগ, প্রধান ফটকে পুলিশ সদস্য থাকলেও সবাইকে তল্লাশি করা হয় না। দ্বিতীয় ফটকে অনেক সময় পুলিশ সদস্য থাকেন না। সিএমএম আদালতের সামনের সরু রাস্তার ওপর ডাব, ফল ও বাদামের অস্থায়ী দোকান বসে। বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এসব দোকান ও মানুষের অবাধ চলাচল নিরাপত্তা ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করছে।
নিরাপত্তা জোরদারে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, আদালত থেকে আসামি পালানোর ঘটনা বন্ধ করতে হলে— শুধু ঘটনার পর মামলা ও তদন্ত করলেই হবে না; নিরাপত্তাব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, হাজতখানা থেকে এজলাস পর্যন্ত আসামি আনা-নেওয়ার জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা প্রটোকল নিশ্চিত করতে হবে। আসামির অপরাধের ধরন ও পালানোর ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োগ করতে হবে। একইসঙ্গে হাতকড়া যথাযথভাবে পরানো এবং দায়িত্ব হস্তান্তরের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া আদালতের এজলাস, করিডর, সিঁড়ি ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নষ্ট ক্যামেরাগুলো দ্রুত সচল করতে হবে। প্রবেশপথে কার্যকর তল্লাশি, আদালত প্রাঙ্গণে অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করাও প্রয়োজন।
বারবার আদালত থেকে আসামি পালানোর ঘটনা শুধু পুলিশের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করছে না, প্রশ্ন তুলছে বিচারপ্রক্রিয়ার নিরাপত্তা নিয়েও। আদালতের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত জায়গায় যদি হত্যা মামলার আসামিকেও নিরাপদ হেফাজতে রাখা না যায়, তাহলে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেই প্রশ্নও সামনে আসছে।