বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় সুমাইয়া আক্তার (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। আনসার সদস্যরা ধাওয়া করে বিমানবন্দরের বটতলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করেন। এদিন সন্ধ্যায় আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার পর ভুক্তভোগী পরিবারের চিৎকার শুনে ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনরত আনসার সদস্যরা এগিয়ে যান। ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেনের নেতৃত্বে একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে।

পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা স্বর্ণের চেইনটি ভুক্তভোগী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আটক সুমাইয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে হস্তান্তর করা হয়েছে।