রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় গাড়ির ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। 

হাসপাতা‌লে নিহতের খালা শাশুড়ি রুবিয়া আক্তার বলেন, ‘ভোরে ঝিনাইদহ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে রাজধানীর আজমপুরে এসে নামি আমরা পরিবারের ৭ জন সদস্য। আমাদেরকে বাস ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম। শফিকুল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চ‌লে যায়। এতে তিনি গুরুতর আহত হন। 

‘পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠা‌নো হয়। ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ক‌রে শ‌ফিকুল মারা গে‌ছেন ব‌লে জানান।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।