শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়।

ট্রাইব‍্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ৪১ আসামির বিরুদ্ধে আনা আলাদা আলাদা আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান এবং মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, শুনানিতে তারও বর্ণনা দেন তিনি। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান আমিনুল ইসলাম।

পরে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

অন্যদিকে, শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।

এর আগে গত ১ নভেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় সে দিন শুনানি হয়নি। পরে ১২ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় আজ শুনানি সম্পন্ন করলো প্রসিকিউশন।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতার আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়। এরপর ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।