রাজধানীর মোহাম্মদপুরে দুটি দেশীয় অস্ত্র এবং ৩৮০ পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ তিন জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। গ্রেপতারকৃতরা হলেন- আলামিন, আসলাম ও জুলহাস। তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি-২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধী দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে এসআরবি-২।
তিনি আরও জানান, পুলিশের ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা রয়েছে। আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।