রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর, লালবাগ ও আদাবরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. আবুল হোসেন (৫০),মো.  সুমন চৌধুরী (৩৬) এবং যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি থেকে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। সে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটির সদস্য এবং বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিল। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

লালবাগ থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালবাগের নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

ডিবি তেজগাঁও বিভাগের ডিসি মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, শনিবার সন্ধ্যার দিকে আদাবরে সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে তেজগাঁও বিভাগ গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নিয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তবে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।