রাজধানীতে পৃথক অভিযানে তিন জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। শনিবার (১৪ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– জাহিদুল ইসলাম তমাল (২৬), মো. হাবিবকে (৩৮) ও মো. শামীম আহম্মেদ (৩১)।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে জাহিদুল ইসলাম তমাল ও হাবিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শামীম আহম্মেদকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে জিএমপির সদর থানায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।