ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর হয়ে চিকিৎসা নিতে চেয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে জানান, আসামিপক্ষ থেকে মাসুদ উদ্দিনকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার আবেদন করা হয়েছে। তবে সেখানে কারা কর্তৃপক্ষের অধীনে নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নেই। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন আসামিদের নিরাপত্তায় পুলিশি পাহারার ব্যবস্থা রয়েছে। তাই এ দুই হাসপাতালের যেকোনও একটিতে চিকিৎসার ব্যবস্থা করা হলে ভালো হয়।
পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেন।
গত ১১ নভেম্বর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। শুনানিতে তিনি জানান, আগে থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত মাসুদ উদ্দিন চৌধুরী। তার কিডনির জটিলতাও রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। এর সঙ্গে হৃদরোগের জটিলতাও যুক্ত হয়েছে। ফলে তার সার্বিক শারীরিক অবস্থার জন্য বিশেষায়িত ও ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন।
এ মামলায় মাসুদ উদ্দিন ছাড়াও গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন মেজর (অব.) মোজাফফর হোসেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মোজাফফর। তদন্তে এ ঘটনায় দুজনেরই সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২১ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত।