যে কারণে ৩ আইনজীবীকে ক্ষমা ও দুই তদবিরবাজের বিরুদ্ধে মামলার নির্দেশ

শেরপুরের একটি ফৌজদারি মামলায় আসামিদের তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায় তিন আইনজীবীকে সতর্ক করে ক্ষমা করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই জামিন আবেদনের সঙ্গে যুক্ত দুই তদবিরকারকের বিরুদ্ধে মামলা দায়ের করতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার আসামিদের গ্রেফতার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আদালতকেও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনজন আইনজীবী হলেন— তানিয়া সুলতানা, মো. মিজানুর রহমান ও সৈয়দ মো. ইউসুফ। দুই তদবিরবাজ হলেন— আরিফুল ইসলাম বিজয় ও মো. সৌরভ মন্ডল। শেরপুরের ফৌজদারি মামলার আসামি মো. পাপ্পুসহ এই মামলার সব আসামিকে গ্রেফতার করতে বলা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনজীবীরা ব্যাখ্যায় জানান, তারা জানতেন না এই আসামিরা এর আগেও একই মামলায় আগাম জামিন নিয়েছেন। এ কারণে আইনজীবীদের আদালত ক্ষমা করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর একই মামলায় আসামির তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায় তিন আইনজীবীকে তলব করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, এক মামলায় আসামি একবার আগাম জামিন নিতে পারেন। এ ক্ষেত্রে তথ্য গোপন করে এক মামলায় আসামির তিনবার আগাম জামিন নেওয়া হয়েছে।