সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, দেশ মব রাজনৈতিক সংস্কৃতি থেকে এসেছে। বর্তমানে যে অবস্থা তাতে ইট মারলে পাটকেল খেতে হয় এটি মনে রাখা জরুরি। আমি বলছি না, আওয়ামী লীগ সরকারের সময় এটি ছিল না। কিন্তু সেটি লুকিয়ে করতো। এখন প্রকাশ্য,
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে জনস্বার্থে মামলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ডেইলি স্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন আসকের নির্বাহী পরিচালক তাহিমনা রহমান।
জেড আই খান পান্না বলেন, মব রাজনীতির জন্য ভয়াবহ দিক। সামনে আরও ভয়াবহ কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, একজন এমপির বাসায় আগুনের ঘটনা ঘটেছে। যদি এটি লাগানো হয়ে থাকে তবে এটি অবশ্যই ভয়াবহ ঘটনা।
সিনিয়র এ আইনজীবী বলেন, আমাদেরই এক আইনজীবী পরিবারসহ কেএফসিতে যাবেন। পথের মধ্যে যুবদল তার ওপর মব করে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এগুলো আমাদের জন্য ভয়াবহ ব্যাপার। সুতরাং ভবিষ্যতে পাটকেল খেতে হতে পারে এটি স্মরণ রাখা উচিত।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনস্বার্থে মামলা বিষয়ে সবাইকে সবাইকে নিজ নিজ স্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর হেফাজতের মৃত্যুর বিষয়ে আইন আরও যুগোপযোগী করতে কাজ করতে হবে।
মতবিনিময়ে অংশ নিয়ে হেফাজতে মৃত্যুর আইন বিষয়ে ব্যারিস্টার নাজিয়া কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করে যখন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেন সেই সময় সেখানে একজন ডাক্তার থাকা আবশ্যক। কারণ তাকে আটকের পর নির্যাতন করা হয়েছে কি না সেটি অবশ্যই ডাক্তার দেখে প্রমাণ করবেন। এছাড়াও আটকের পর তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশ রয়েছে। সেটি যথাযথভাবে পালন হচ্ছে কি না, তাকে থানায় নিয়ে এসে নির্যাতন করা হচ্ছে কি না সেটি দেখার জন্য ডেডিগেটেড একজন অফিসার নিয়োগ থাকতে হবে। পাশাপাশি থানা হাজতে সিসি ক্যামেরা সাউন্ডসহ থাকা জরুরি। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন রুখতে ‘থার্ড আই’ স্বাধীন বডি রাখা জরুরি।
হেফাজতে মৃত্যুর এ আইন খুবই অসেচতনভাবে প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে তা খুবই দুর্বল। এ আইনে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হলেও তা চলে বছরের পর বছর। আর যেহেতু হেফাজতে মৃত্যু, সে ক্ষেত্রে এ মামলা পুলিশ না তদন্ত করে বিচার বিভাগের মাধ্যমে তদন্ত করলে আরও গ্রহণযোগ্য হবে। কারণ পুলিশের বিরুদ্ধে মামলা, পুলিশই তদন্ত করলে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এছাড়াও আইনে হেফাজতে পুলিশ ছাড়া অন্যান্য বাহিনী সম্পর্কে কিছু বলা নাই। পাশাপাশি পুলিশের সোর্সের মাধ্যমেও হেফাজতে মৃত্যু হতে পারে। সে ক্ষেত্রে তার কি শাস্তি হবে সেই বিষয়েও আইনে কিছু বলা নাই। আর এ কারণে হেফাজতে মৃত্যুর প্রথম মামলা মিরপুরের ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলা থেকে সোর্সকে খালাস দেন উচ্চ আদালত।
তিনি বলেন, আইনের সংশোধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর মনমানিসকতারও পরিবর্তন জরুরি। যেন হেফাজতে থাকা অভিযুক্তের ওপর কোনও ধরনের অমানবিক আচরণ, নির্যাতন না হয়, সে বিষয়ে খেয়াল রাখা।
মানবাধিকারকর্মী নূর এ খান লিটন বলেন, হেফাজতে মৃত্যু ঘটলে আমরা কি সহজে মামলা করতে পারি? পুলিশের বিরুদ্ধে মামলা করে কয়জন ভালোভাবে থাকতে পারেন? চারিদিক থেকে যেভাবে হুমকি আসে, তাতে করে জীবন দুর্বিষসহ করে তোলে। এই অবস্থায় মামলা করতে কেউ সাহসও করে না।
উদাহরণ টেনে তিনি বলেন, উত্তরার তুরাগ থেকে যে তিন জনের লাশ উদ্ধার হলো, এ ঘটনায় থানায় কেউ তো মামলা করেনি। কিংবা আমরাও তো মামলা করিনি। এ রকম একটি ঘটনার মামলা হওয়া কি প্রয়োজন ছিল না?
তিনি বলেন, হেফাজতে মৃত্যুর কোনও ঘটনা ঘটলে যদিও সেটি মামলা হয়, তবে তা দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর আটকে থাকে।
এদিকে হেফাজতে মৃত্যুর আইনের বিষয়টি সংশোধনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সংশোধনী আনা যায় কি না, এ বিষয়ে আলোচনায় অংশ নেওয়া সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীরা আসককে উদ্যোগ নিতে পরামর্শ দেন।