ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের কোনো শঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশাবাদ জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা কোনো বড় ধরনের শঙ্কা আশা করছি না। আমরা মাঠে আছি, অন্যান্য সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এড়িয়ে ঢাকায় কীভাবে এত ককটেল আসছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় শহর। এখানে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

সাম্প্রতিক অধিকাংশ ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেল ব্যবহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, এসব মোটরসাইকেলের নম্বর প্লেট থাকা সত্ত্বেও সেগুলোর উৎস ও চলাচলের পথ শনাক্ত করা যাচ্ছে না কেন।

জবাবে এসআরবির মুখপাত্র বলেন, এ বিষয়ে সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে তাঁদের গ্রেফতারও করা হচ্ছে।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহীদের এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।