যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী কুতুবখালী বড় মসজিদের পেছনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাকে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. হাসান আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট, কালো টি শার্ট এবং সুতি জ্যাকেট।
তিনি আরও জানান, রাতে দায়িত্ব পালনের সময় কুতুবখালি বড় মসজিদের পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বলে খবর পান তিনি। ওই যুবকের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২টা ৫৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে স্থানীয় মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা কিছুই জানাতে পারেননি। তবে শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তারা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুনতে পেয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।