শাপলা চত্বর মামলা: জিয়াউল আহসান হাজিরা দেবেন ভার্চুয়ালি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি হাজির করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন একটি মামলায়ও জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করা হয়।

এবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায়ও তাকে ভার্চ্যুয়ালি হাজির করার আদেশ দিয়েছেন। জিয়াউল আহসান ছাড়াও অন্য কোনও আসামি অসুস্থ হলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাদেরও ভার্চ্যুয়ালি হাজির করা যাবে।

শাপলা চত্বর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার মাহবুব শফিক, সিফাত মাহমুদ শুভ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন– সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এ মামলার আসামিরা হলেন– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এ ছাড়াও রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন– সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ; তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান; সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ; মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান; তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান; সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল; সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান; মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম; তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন; ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান; ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান; সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলাম; তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান; অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে পাঁচ ও কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।