বনশ্রীতে দাম্পত্য কলহের জেরে শিশু সন্তানকে হত্যা, মা আটক

রাজধানীর রামপুরার বনশ্রীতে আসফিয়া জাহান নূর নামে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার উপপরিদর্শক এসআই মো. শাহাদাত হোসেন বলেন, আমরা ৯৯৯-এ সংবাদ পেয়ে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় ফ্লাট থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুটির মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করা হয়েছে। 

তিনি বলেন, ওই বাসায় স্বামী-স্ত্রী সন্তান থাকতো। তাদের দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময়ে স্বামী ইমন বাসায় ছিলেন না। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন, দাম্পত্য কলহের জের ধরে সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিলেন ওই নারী। এর আগেও ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তার স্বামী।