ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনে আতঙ্ক

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাসে আগুন আর ককটেল বিস্ফোরণ রাজধানীতে ছড়িয়ে পড়ে। এ দিন অন্তত ১০টি স্পটে ককটেলের বিস্ফোরণ ঘটে। এর মধ্যে মোহাম্মদপুরেই ৫টি স্পটে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়াও তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ।  

জানা যায়, মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর থানায় ককটেল বিস্ফোরণ শুরু হয়। এরপর রাত সাড়ে ৮টার পর পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে মহাখালীতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সবশেষ রাত ১১টার দিকে বাড্ডা লিংক রোডে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

একদিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, অপরদিকে রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কিছু সময়ের মধ্যে আরও ৪টি বিস্ফোরণ ঘটানো হয়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, প্রতিটি ঘটনার বিষয়েই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর ছাড়াও যাত্রাবাড়ী, বনানী পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে, এসব ঘটনায় নগরজুড়ে শুরু হয়েছে আতঙ্ক।

বাড্ডার বাসিন্দা সেলিম মিয়া বলেন, বর্তমানে রাস্তাঘাটে চলাটা আতঙ্কের হয়ে গেছে। কখন কোন দিক দিয়ে ককটেল এসে পড়ে তা বলাই মুশকিল। এছাড়া বাসে আগুনও দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।