রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ও নন্দীপাড়া এলাকা থেকে পৃথক সময়ে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৃথক স্থানে ঘটনা দুটি ঘটে।
মৃতরা হচ্ছেন, শামসুন্নাহার বেগম (৫৮) ও ফাতেমা আক্তার (২০)।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন থানা পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিপাহীবাগের একটি বাসার পঞ্চম তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহার বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত এক মাস ধরে তার মানসিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। হয়তো এ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন স্বজনরা।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার দক্ষিণ বাসুরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী ছিলেন শামসুন্নাহার বেগম। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন ।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টায় ওই থানাধীন নন্দি পাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূ ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
মৃতের বাবা-মা, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছেন, ছয় মাস আগে পারিবারিকভাবে ফাতেমার সঙ্গে রাকিবের বিয়ে হয়েছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সোমবার সন্ধ্যার দিকে অজ্ঞাত কারণে স্বামীর বাসার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
ফাতেমা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া নেওয়াজ বাগ এলাকার ১৩ নম্বর রোডের কোবা মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন।