রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তি মিছিল নিয়ে বাসার নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার বলেন, মিরপুর ফায়ার স্টেশন আগুনের একটি তথ্য পেয়ে গাড়ি বের করে। তবে এরপর জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।