রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নিক্ষেপ করা হয় ইট-পাটকেলও। কয়েকজন নারী পোশাক শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার। কারখানাগুলোতে শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা কাফরলে ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত সোসাল ইসলামি ব্যাংক লিমিটেডের জানালার কাচ ভাঙচুর করে। ভবনটির তৃতীয় তলায় ঢাকা উত্তরের প্রশাসকের কার্যালয়।
শ্রমিকরা ভবনের বাইরে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ছবিসহ ব্যানার ছিড়ে ফেলে। তবে মিল্টনের ছেড়া ছবি তোলা হলে তার নেতাকর্মীরা মোবাইল থেকে ছবি ডিলিট করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড ছোঁড়ে।
পুলিশের মিরপুর বিভাগের এডিসি জাহিদুল ইসলাম জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।