সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড

দাম্পত্য কলহের জেরে রাজধানীর রামপুরা বনশ্রীতে সাড়ে চার বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে করা মামলায় মেহেরুন নেছাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম।

মঙ্গলবার বিকালে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আসফিয়া জাহান নূর নামের ওই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আশরাফুল হক রামপুরা থানায় মামলা করেন। রাত সাড়ে ৮ টার দিকে গ্রেফতার করা হয় মেহেরুন নেছাকে।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই শাহাদাত হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

এসআই মমিনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।’

মামলার বিবরণ থেকে, ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল ও মেহেরুন। পরে তাদের সংসারে আসফিয়ার জন্ম হয়। সন্তানকে নিয়ে রামপুরার বনশ্রী এলাকায় ভাড়া থাকেন তারা। গত দেড় থেকে দুই মাস ধরে মেহেরুন আশরাফুলকে বলছে, সে সংসার করবে না। ডিভোর্স চায় এবং কাবিনের টাকার জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহেরুনের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করে।’

মঙ্গলবার প্রতিদিনের ন্যায় পল্টন পলওয়েল মার্কেটে কাজে যান আশরাফুল। বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরুন আশরাফুলকে মেয়েকে মেরে ফেলেছে উল্লেখ করে ভয়েস ম্যাসেজ পাঠায়। নিজেও মরে আশরাফুলকে ফাঁসানোর কথাও জানায় মেহেরুন। বিষয়টি মেহেরুনের ভাই সিজান শেখকে জানিয়ে তাকে বাসায় পাঠান আশরাফুল। বাসায় গিয়ে সিজান আশরাফুলকে আসফিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে পুলিশ নিয়ে বাসায় যান আশরাফুল।