জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) তাকে বারিধারার একটি বাসা থেকে আটক করা হয় বলে জানা গেছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।’
তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলন-কেন্দ্রিক মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।
মাওলানা মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে জুমার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মসজিদের তৎকালীন খতিবের বয়ান চলছিল। রুহুল আমিনের পক্ষের লোকজন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালার ক্ষতি হয়।
ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।