নিরাপত্তা জোরদার, মিরপুরে সড়কে নামেননি পোশাক শ্রমিকরা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এলাকার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান।

তবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সড়কে নামেননি পোশাক শ্রমিকেরা। বিকাল পর্যন্ত মিরপুরের প্রধান সড়কগুলোতে শ্রমিকদের কোনও বিক্ষোভ করতে দেখা যায়নি।

মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) সদস্য মোতায়েন রয়েছেন। সেখানে সাজোয়া যান ও জলকামানের একটি গাড়িও রাখা হয়েছে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাজোয়া যানসহ পুলিশের অবস্থান দেখা যায়। মিরপুর-১২ নম্বর এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করেন। মিছিল থেকে তারা ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া মূল সড়কের ফুটপাতের ওপর টেবিল বসিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে।

মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও কোনও শ্রমিক সড়কে নামেননি। আমাদের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মিরপুরের সব এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক।