রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, শ্যামলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলে থাকা তিন সন্দেহভাজনকে থামার সিগন্যাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতেনাতে রাসেলকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি পেশায় প্রাইভেটকারচালক বলে জানা গেছে।
জুয়েল রানা আরও বলেন, গ্রেফতার রাসেলকে আদাবর থানায় নেওয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।