ষড়যন্ত্র-গুজবে বিভ্রান্ত হবেন না: আইজি‌পি

পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি কোনও ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশি‌পের চূড়ান্ত প্রতিযোগিতা শে‌ষে এ কথা ব‌লেন তি‌নি। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তি‌নি। 

এর আগে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হ‌য়ে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। 

অন্যদিকে, নারী বিভাগে এপিবিএন দল সিএমপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে ।

আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণেরও উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি ভালো মাধ্যম।

আইজিপি বলেন, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করেছি। তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় আরও ভালো করার জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

আইজিপি বিচ ভলিবলের জার্সি উন্মোচন করেন। তিনি তীব্র উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করেন।

খেলায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএন'র কেয়া।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।