ঢাকার সিএনজি গ্যারেজ থেকে চুরি, গাইবান্ধায় ২২ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি গ্যারেজ থেকে ২২ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. পাভেল ইসলাম ওরফে বুলেট (২৭) ও মোছা. তানিয়া (২২)।

ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদি যাত্রাবাড়ী থানা পুলিশের বরাত দিয়ে জানান, গত ১৫ নভেম্বর যাত্রাবাড়ীর হাজী দেলোয়ার হোসেন মোল্লার সিএনজি গ্যারেজ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্ত ও জড়িতদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল বুধবার গাইবান্ধা সদর থানাধীন নিউমার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাভেল ও তানিয়াকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১৪ ভরি ৫ আনা ৩ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা। এ ছাড়া চোরাই নগদ ৯৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।