নাশকতার টার্গেটে সরকারি স্থাপনা, নজরদারি বাড়িয়েছে পুলিশ

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকারি স্থাপনাও টার্গেট হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নজরদারি ও নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

এদিকে ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনে রাজধানীর পাশাপাশি ১৬ জেলায় নাশকতার ঘটনা ঘটে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট।

রাজধানীতে নিম্ন আদালত, উচ্চ আদালত চত্বর, বিমানবন্দরের প্রবেশমুখ, থানা কম্পাউন্ডের ভেতর এবং গুরুত্বপূর্ণ সরকারি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচি ও আওয়ামী লীগের লকডাউনে যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি স্থাপনাতেও ককটেল হামলা হয়।

পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ছাড়া খিলক্ষেত, যাত্রাবাড়ী, খিলগাঁও ও আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়। মালিবাগে সিআইডি সদর দফতর এবং রাজারবাগ পুলিশ লাইনের সামনেও ককটেল হামলার ঘটনা ঘটে।

এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ে মেট্রোরেলের নিচে, মিরপুর-১১, সুপ্রিম কোর্টের সামনে ও নিম্ন আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনেও ককটেল বিস্ফোরণ হয়। বিমানবন্দরের প্রবেশমুখে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেন, তারা সরকারি স্থাপনাকে টার্গেট করলেও এখন পর্যন্ত রাজধানীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারেনি। বর্তমান পরিস্থিতির কারণে পুরো রাজধানীজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা প্রতিরোধে পুলিশ কাজ করছে। শুধু সরকারি স্থাপনার নিরাপত্তা নয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে পুলিশ।

এদিকে আইজিপি মো. আলী হোসেন ফকির বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান।