প্রবাস থেকে দেশে ফিরেই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন এক যাত্রী। মুহূর্তেই ছিনিয়ে নেওয়া হয় তার স্মার্টফোন, পকেট থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। তবে আনসার সদস্যদের তৎপরতায় পালানোর আগেই আটক হন চক্রের এক নারী সদস্য। উদ্ধার করা হয় প্রবাসী যাত্রীর স্মার্টফোন।
শক্রবার (২০ নভেম্বর) রাতে আনসারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে সৌদি আরব থেকে আসেন প্রবাসী মো. সুমন মিয়া। পরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় মালামাল রেখে ডলার ভাঙাতে ভেতরে যান। ফিরে এসে সেখানে অবস্থানরত তিনজন নারীকে তার কাছে সাহায্য চাচ্ছেন। তিনি সাহায্য করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে একজন কৌশলে তার পকেট থেকে ১০ হাজার টাকা চুরি করেন এবং অন্যজন তার হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
পরে প্রবাসী চিৎকার শুরু করেন। যা শুনে ক্যানোপি-২ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত চক্রের একজন সদস্য মোছা. পাখিকে (২২) হাতেনাতে আটক করেন তারা।
এ সময় অপর দুই নারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।