সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত সোমবার (২৩ নভেম্বর) শুনানি নিয়ে জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

নুরুল ইসলাম নাহিদের পক্ষে অ্যাডভোকেট সাথী সাহা  জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন,মামলার ঘটনার বহু আগেই রাজনীতি ও সব পেশা থেকে অবসর গ্রহণ করেছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা ধৈর্য তার নেই। তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থণা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এরআগে গত বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। সেদিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।