তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি বিচার

২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন শতাধিক শ্রমিক। ঘটনার পরদিন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালে মামলাটির তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে ১০৪ জন সাক্ষীর নাম থাকলেও ১৩ বছরে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে মাত্র ১৯ জনের। সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় আটকে আছে বিচারকাজ। ফলে এত শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তিও নিশ্চিত হয়নি।

বর্তমানে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল-হকের আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সর্বশেষ গত ৬ মে মামলায় সাক্ষ্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, স্বাস্থ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের অবসরপ্রাপ্ত যুগ্ম মহাপরিদর্শক ডা. মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের চাষাড়ার শ্রম পরিদর্শক সঞ্জয় কুমার দাস।

এ নিয়ে মামলার ১০৪ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৬ মে-এর পর ১ জুলাই ও ৪ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ কারণে সময় আবেদন করা হয়। সর্বশেষ ৪ অক্টোবর বিচারক রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী বছরের ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় ছয় সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা এবং দুজনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় বিচারকাজ দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেএম ফরিদুর রহমান। তিনি বলেন, ‘২০১২ সালে আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয় এবং শতাধিক শ্রমিক আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালে ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।’

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, ‘কারখানাটি নির্মাণে ত্রুটিপূর্ণ ভবন, যথাযথ নকশা ও লে-আউট প্ল্যান অনুসরণ না করা, অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না রাখা এবং জরুরি পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপদে একত্র হওয়ার উপযুক্ত স্থান না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনা এ দুর্ঘটনার কারণ হিসেবে অভিযোগপত্রে উঠে এসেছে। এসব অভিযোগে দণ্ডবিধির ৩০৪ ধারাসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।’

তিনি জানান, মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, কলকারখানা পরিদর্শন সংশ্লিষ্ট চিকিৎসকসহ গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষীদের আদালতে হাজির করতে সমন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও অনেককে নির্ধারিত ঠিকানায় পাওয়া যাচ্ছে না। এ কারণে দ্রুত সাক্ষ্যগ্রহণ সম্ভব হচ্ছে না।

আসামিদের বিষয়ে তিনি বলেন, ‘মামলায় তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ মোট ১৩ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে তিনজন জামিনে থাকা অবস্থায় কয়েকটি ধার্য তারিখে আদালতে হাজির হননি। বাকি আসামিরা নিয়মিত হাজিরা দিচ্ছেন।’

আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, ‘বর্তমানে মামলাটি দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। যে কয়জন সাক্ষী আদালতে এসেছেন, তারা কেউই আসামিদের ঠিকমতো চেনেন না। আবার অনেকেই ঘটনার বিষয়ে ভুলে গেছেন। সুনির্দিষ্টভাবে কোন আসামির বিরুদ্ধে সাক্ষীরা জবানবন্দি দিতে পারেননি। এখানে আসামিরাও ক্ষতিগ্রস্ত। কারও ক্ষতি করতে গিয়ে নিজের বড় ধরনের ক্ষতি হবে, জেনে-বুঝে এমন কাজ কেউ করবেন না। আশা করি, আসামিরা ন্যায়বিচার পাবেন।’

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক মমিনুর রহমান মমিন বলেন, ‘১৯৯৫ সালে সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের কারখানাগুলোর অপরিকল্পিত অবকাঠামো ও নিরাপত্তাহীনতা নিয়ে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু সরকার ও মালিকপক্ষ তাদের দাবিতে কর্ণপাত করেনি। এসব দাবি আমলে নেওয়া হলে ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এত শ্রমিকের প্রাণহানি এড়ানো সম্ভব হতো।’

তিনি বলেন, ‘তাজরীনের ঘটনাকে তারা নিছক দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হিসেবে দেখেন। কারণ, আগুন লাগার পর কারখানার মূল ফটক বন্ধ থাকায় শ্রমিকেরা বের হতে পারেননি। তাদের অভিযোগ, শ্রমিক সংগঠন ও দেশি-বিদেশি বিভিন্ন মহলের চাপের মুখে সরকার মামলা করলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনও কোনও মামলার রায় হয়নি।’

মমিনুর রহমান আরও বলেন, ‘কারখানাটির মালিক দেলোয়ার হোসেন গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার মাধ্যমে পদ-পদবি পেয়ে জামিনে মুক্তি পান। এতে শ্রমিক হত্যার বিচার নিয়ে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বরং দায়ীদের বিভিন্নভাবে পুরস্কৃত করার মাধ্যমে এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মনে করেন তারা। এ ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত।’

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ১ হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় কর্মরত ছিলেন ৯৮৪ জন। আগুনে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও ১০৪ জন। নিহতদের মধ্যে তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ জন এবং পঞ্চম তলায় ১০ জন মারা যান। পরে বিভিন্ন হাসপাতালে মারা যান আরও ১১ জন। ৫৮ জনের লাশ শনাক্ত হওয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৫৩ জনের লাশ শনাক্ত করা না গেলেও জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম মামলা দায়ের করেন। এক বছর পর, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সিআইডির পরিদর্শক এ কে এম মহসীনুজ্জামান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারায় ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়।

২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে ১৩ বছরেও মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।

মামলার আসামিরা হলেন তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তার, মো. শামীম মিয়া, স্টোর ইনচার্জ (সুতা) আল আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি সুপারভাইজার আল আমিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, অ্যাডমিন অফিসার দুলাল উদ্দিন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনোয়ারুল, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুর এবং শহীদুজ্জামান দুলাল। তাদের মধ্যে আল আমিন, রানা, শামীম ও মোবারক হোসেন পলাতক। বাকি আসামিরা জামিনে রয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, তাজরীন গার্মেন্টস ভবনের নকশায় ত্রুটি ছিল এবং জরুরি নির্গমনের পথ ছিল না। আগুন লাগার পর শ্রমিকেরা বাইরে বের হতে চাইলে নিরাপত্তাকর্মীরা অগ্নিকাণ্ডকে অগ্নিনির্বাপণ মহড়া বলে তাদের কাজে ফেরত পাঠান এবং কলাপসিবল গেট বন্ধ করে দেন।