রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি আইনে করা মামলায় যশোর-৬ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান।
তদন্ত কর্মকর্তা ও ডিবির তেজগাঁও জোনের উপপরিদর্শক (এসআই) মো. খায়ের উদ্দিন ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিজুল ইসলামের পক্ষে আইনজীবী মো. কায়েস আহমেদ অর্ণব জামিনের আবেদন করেন। তবে আসামিকে এজলাসে হাজির না করে বিচারকের খাসকামরায় জামিন আবেদনের শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাকে কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিনরাস্তা এলাকায় নাশকতার উদ্দেশ্যে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত ৮টা ৫০ মিনিটে ডিবির তেজগাঁও বিভাগ সেখানে অভিযান চালায়। এ সময় এজাহারনামীয় কয়েকজন আসামিকে আটক করা হলেও অজ্ঞাতনামা অন্যরা পালিয়ে যান।
আবেদনে আরও বলা হয়, আটক এক আসামির কাছ থেকে নীল পলিথিনের প্যাকেটে আনুমানিক ১৪০ গ্রাম হলুদ রঙের গন্ধকসদৃশ বস্তু জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বস্তুটি ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি আইনে মামলা করে পুলিশ।
পরবর্তী সময়ে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবির তেজগাঁও জোনের একটি দল গত ২৩ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আজিজুল ইসলামকে গ্রেফতার করে।
আজিজুল ইসলাম যশোর জেলার কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি এলাকার মৃত খন্দকার রফিকুজ্জামানের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের লালমাটিয়ার এ/পি ব্লকের একটি বাসায় বসবাস করতেন। তিনি কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কও।