রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার পাঁচ দিনের মাথায় আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বিপরীতে ধানমন্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এই ঘটনা ঘটে।
সাংবাদিক পিয়াস জানান, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৩ নভেম্বর বিকালে এ ঘটনায় একই থানায় মামলা করেন তিনি।
পিয়াস জানান, মামলা করার পরও নিরাপত্তা পাননি তিনি। মঙ্গলবার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের গেটের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় ছিনতাইকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তিনি আহত হন। তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এর আগে ১৭ নভেম্বরের ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানান পিয়াস। পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই সাংবাদিক। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।