রাজধানীতে পৃথক ঘটনায় এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন তন্ময় রায় (২২) ও কামরুন্নাহার (৩২)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তন্ময় রায়ের বাবা কৃষ্ণ চন্দ্র রায় জানান, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ফাঁস দেয় তন্ময়। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তন্ময় রায়ের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। খিলগাঁওয়ের উত্তর গোড়ান নূরেরবাগে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, মেরুল বাড্ডায় পারিবারিক কলহের জেরে কামরুন্নাহার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বাড্ডা থানার এসআই আনিসুর রহমান মোড়ল জানান, রাতে খবর পেয়ে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের একটি বাসায় গিয়ে কামরুন্নাহার নামের এক নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গলায় দাগ রয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কামরুন্নাহারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায়। বর্তমানে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে স্বামী আব্দুল মতিনের সঙ্গে থাকতেন তিনি।