ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিন জনকে ঢাকার মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন— মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)।
এর আগে, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মাসউদুর রহমান।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করেন। এসময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আসামিরা ওই স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হন। এসময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়।