‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ এর মধ্যে পার্থক্য কী

বিদেশ থেকে কেউ কেউ নিজের ইচ্ছায় ফিরে আসেন। কেউ আবার আইনের হাতে ধরে ফিরতে বাধ্য হন। অনেক সময় এই দুই ঘটনাকে এক করে ফেলা হয়। কিন্তু ‘প্রত্যাবর্তন’ আর ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। একটি স্বেচ্ছায় ফেরা এবং অপরটি হচ্ছে আইনিভাবে বাধ্য হয়ে ফেরা। বিষয়টি পাঠকদের সুবিধার্থে আরেকটু খোলাসা করা যাক।

প্রত্যাবর্তন মানে স্বেচ্ছায় ফিরে আসা। এখানে কোনও জোর নেই, কোনও আইনি বাধ্যবাধকতা নেই। প্রবাসে থাকা কোনও ব্যক্তি তার ভিসার মেয়াদ শেষে কিংবা শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসলে সেটি প্রত্যাবর্তন। সংকট কিংবা নিরাপত্তাহীনতা থেকে পালিয়ে আসা কোনও ব্যক্তি নিরাপদ আশ্রয়ে ফিরলেও সেটি প্রত্যাবর্তন হিসেবে ধরা হয়। এই ফেরার পেছনে থাকে ব্যক্তির সিদ্ধান্ত, পরিবারের টান কিংবা নতুন করে জীবন শুরু করার ইচ্ছা।

আর প্রত্যর্পণ মানে আইনি প্রক্রিয়ায় কাউকে অন্য দেশের হাতে তুলে দেওয়া। কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে, গ্রেফতারি পরোয়ানা থাকলে বা আদালতের নির্দেশ থাকলে এই প্রক্রিয়া চলে। দুই দেশের মধ্যে চুক্তি থাকলে এক দেশের আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে অন্য দেশের কাছে হস্তান্তর করে। এখানে ব্যক্তির ইচ্ছার কোনও মূল্য থাকে না। পুরো বিষয়টি চলে কাগজপত্র, আদালত আর কূটনৈতিক চিঠিপত্রের মধ্য দিয়ে।

অতীতের ঘটনা এই পার্থক্যকে আরও স্পষ্ট করে। বাংলাদেশ আর ভারতের মধ্যে ‘বন্দি প্রত্যর্পণ চুক্তি’ সই হয় ২০১৩ সালে। এই চুক্তির আওতায় দুই দেশেই অভিযুক্ত ব্যক্তিকে ফেরত পাঠানোর নজির আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হলো অনুপ চেটিয়া ও নূর হোসেনকে ফেরত পাঠানো।

অনুপ চেটিয়া ছিলেন ভারতের নিষিদ্ধ সংগঠনের নেতা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে বন্দি ছিলেন। পরে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। নিজের ইচ্ছায় তিনি ফেরেননি। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে হস্তান্তর করা হয়। এটি ছিল প্রত্যর্পণের একটি স্পষ্ট উদাহরণ।

অন্যদিকে নূর হোসেনের ঘটনা ছিল ওই প্রান্তের। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে গিয়েছিলেন। কলকাতায় অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তিনি গ্রেফতার হন এবং দমদম কারাগারে আটক ছিলেন। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত আদালত অনুপ্রবেশের মামলা প্রত্যাহার করে তাকে বাংলাদেশে হস্তান্তরের নির্দেশ দেয়। ২০১৫ সালের ১২ নভেম্বর তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তিনিও নিজের ইচ্ছায় ফেরেননি। তাকে ফেরানো হয়েছিল মামলার মুখোমুখি করার জন্য। 

এই দুটি ঘটনাই দেখিয়ে দেয়, প্রত্যর্পণ কখনোই সাধারণ ফেরা নয়। এটি একটি রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া।

মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন আছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা আছে। বাংলাদেশের সঙ্গে এখন দুইটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড।