দেশের ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

দেশজুড়ে রেল যোগাযোগে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টাসের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

শ‌নিবার (২৮ ন‌ভেম্বর) আনসা‌রের পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, মাঠ পর্যায়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার/সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। 

পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টগণ সার্বক্ষণিক তদারকি করছেন, যাতে সাধারণ যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক থাকে।

এর আগে পোশাক শ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এই পেশাদারিত্ব এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রায়ট কন্ট্রোলে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনও নাশকতা ও বিশৃঙ্খলা রুখতে সদা প্রস্তুত। জনগণের আস্থা, ভরসা ও ভালোবাসাকে সঙ্গী করে নিরাপদ বাংলাদেশ গড়তে আনসার ব্যাটালিয়নের এই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পথচলা অব্যাহত থাকবে।