স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন জানানো হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চার জনের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিটের অন্য আবেদনকারীরা হলেন মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় রিটকারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তৃতীয় আবেদনকারী সৌদি আরব এবং চতুর্থ আবেদনকারী মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। তারা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে এ ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়েছে। ফলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে সম্ভব বলে দাবি করেছেন রিটকারীরা।

তাদের অভিযোগ, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা চালু হলেও স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এখনও কোনও কার্যকর আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো তৈরি করেনি।

রিটে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানের কারণে কোনও নাগরিকের ভোটাধিকার খর্ব করা যায় না। এ ধরনের নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের চেতনারও পরিপন্থী।