২০১৪ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ফের ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দ্বিতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্যরা হলেন— নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, তার গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।
এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত দুটি মামলার বিচার একসঙ্গে শেষ করে নূর হোসেন ও র্যাবের বরখাস্ত তিন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।
একই বছরের ২২ মে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ৩৩ কার্যদিবস শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত বাকি নয় আসামির সাজাও বহাল রাখেন আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব-১১-এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানা। বাকি ১১ জনও র্যাবের সাবেক সদস্য।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনের মধ্যে রয়েছেন র্যাবের চাকরিচ্যুত সাবেক সিপাহি আসাদুজ্জামান নূর, সার্জেন্ট এনামুল কবির এবং নূর হোসেনের নয় সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।
এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল থাকা নয় আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর, সাতজনের ১০ বছর করে এবং দুজনের সাত বছর করে কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন আসামিরা।