গোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ

গোপালগঞ্জ জেলায় বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কোনও পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়া জেলার প্রায় ১০ লাখ মানুষের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করে দেওয়াকে স্বেচ্ছাচারী ও গ্রাহক অধিকারের পরিপন্থী উল্লেখ করে দ্রুত এসব সেবা চালুর দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) আরিফ শেখ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর কোনও ধরনের পূর্ব ঘোষণা, ব্যক্তিগত বা গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ ছাড়াই বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট গোপালগঞ্জ জেলার মোবাইল ব্যাংকিং লেনদেন কার্যক্রম স্থগিত বা বন্ধ করে দিয়েছে। এতে জেলার প্রায় ১০ লাখের বেশি মানুষের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাধাগ্রস্ত হয়েছে।

এর ফলে গ্রাহকরা নিজেদের জমা রাখা অর্থ উত্তোলন, অন্যত্র টাকা পাঠানো, ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছেন না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। আকস্মিকভাবে এসব সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগের মুখে পড়েছেন বলেও দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত এবং নিয়ন্ত্রিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ফলে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ প্রযোজ্য বিধিবিধান ও গ্রাহক সুরক্ষা নীতিমালা অনুসরণ করা এসব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, কোনও নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট বা লেনদেনের ক্ষেত্রে আইনগত, কমপ্লায়েন্স কিংবা অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত সন্দেহ তৈরি হলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাকাউন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোনও আদেশ, যথাযথ আইনগত কারণ কিংবা পূর্ব নোটিশ ছাড়া একটি সম্পূর্ণ জেলার মানুষের আর্থিক সেবা একযোগে বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বেচ্ছাচারী ও অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ গ্রাহকের অধিকার এবং আর্থিক সেবার স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক বলেও নোটিশে দাবি করা হয়েছে।

এতে আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার স্বীকৃত নীতিমালার প্রসঙ্গ টেনে বলা হয়েছে, ঝুঁকি মোকাবিলার নামে ঢালাওভাবে কোনও অঞ্চল বা জনগোষ্ঠীকে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা উচিত নয়। বরং সম্ভাব্য ঝুঁকি নিরসনে সুনির্দিষ্ট, আনুপাতিক ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

নোটিশে বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে। এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, পেশা ও ব্যবসা পরিচালনার স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবারসহ সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। একইসঙ্গে নিজেদের অর্থের ওপর গ্রাহকদের স্বাভাবিক নিয়ন্ত্রণও বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংককে কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণ সরেজমিনে ও সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে তদন্ত করা এবং বিকাশ, নগদ ও রকেটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন কার্যক্রম সম্পূর্ণরূপে সচল করার নির্দেশ দেওয়া।

পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনগত বিধান ছাড়া কোনও নির্দিষ্ট অঞ্চল, এলাকা কিংবা জনগোষ্ঠীর মোবাইল ব্যাংকিংসহ আর্থিক সেবা ঢালাওভাবে বন্ধ না করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে। অযৌক্তিক ও বেআইনিভাবে সেবা বন্ধ রাখার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশের অনুলিপি আবেদনকারীকে সরবরাহ করার অনুরোধও জানানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নওয়া না হলে আরিফ শেখের পক্ষে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে। সে ক্ষেত্রে মামলার যাবতীয় আইনি খরচ ও আনুষঙ্গিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।