শতাধিক গুম-খুনের মামলা

জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক শুরু, শুনানিতে পাল্টাপাল্টি অভিযোগ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান।

শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে আইনজীবী নাজনীন নাহার যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালে অবসরে যাওয়ার পর জিয়াউল আহসানের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়। এ ক্ষেত্রে কিছু মিডিয়া হাউসের পাশাপাশি প্রসিকিউশন টিমও যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় সাবেক প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলামের দেওয়া বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সংক্রান্ত বক্তব্যগুলোও ট্রাইব্যুনালে তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবী।

তবে আসামিপক্ষের এসব যুক্তিতর্ক নিয়ে আপত্তি জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি বলেন, সকাল থেকে উপস্থাপিত বক্তব্যের কোনোটি অভিযোগ বা চার্জসংশ্লিষ্ট নয়। বরং ২০০৭ সালের বিভিন্ন বিষয় তুলে ধরে ট্রাইব্যুনালের সময় নষ্ট করা হচ্ছে।

আসামিপক্ষ সময় না পাওয়ার অভিযোগও নাকচ করেন প্রসিকিউটর তামীম। তিনি বলেন, ১৫ জন সাক্ষীর জন্য আসামিপক্ষকে ৭০ দিন সময় দেওয়া হয়েছে, যা ট্রাইব্যুনালের ইতিহাসে একটি ভিন্ন উদাহরণ।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের পক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ ছাড়া যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। এ সময় সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করা হয়। একইসঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়।

গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।