সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন

বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পরিদর্শক গোলাম মর্তুজা রবিবার (২৯ নভেম্বর) এ আবেদন করেছেন।

অপর দুই আসামি হলো, মনিরুলের দুই শ্যালক রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হবে।’

রবিবার ভোরে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৭ নভেম্বর রাত ১টার দিকে অজ্ঞাত ৩০-৩৫ জন আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু সদস্য বিমানবন্দরের গোলচত্ত্বর এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চার জন আহত হয়। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন। তার হাত ধরে ২০১৬ সালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা করে। এরপর ২০২১ সালের মার্চে এসবি প্রধানের দায়িত্বে আসেন মনিরুল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। পরে ওইদিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সেদিনই একদল কর্মকর্তাদের তোপের মুখে দফতর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। ওই কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতনরা পুলিশ পাহারায় তাকে বাসায় পাঠিয়ে দেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি সায়লার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়, সেদিনই তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনও সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনও সময় সরকার ‘জনস্বার্থে প্রয়োজন মনে করলে’ কোনও রকম কারণ না দেখিয়ে চাকরি থেকে অবসর দিতে পারবে।