রাজধানীর ওয়ারীর টিকাটুলীতে হোটেল ম্যানেজার নাঈমুর রহমান হত্যার ঘটনায় রিতা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় মামলার আরেক আসামি এনায়েত কাজী আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
নাঈমুর হত্যার ঘটনায় শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ওয়ারী থানায় মামলা করেন তার বড় ভাই নাজমুল হুদা। মামলায় এনায়েত কাজী, তার ছেলে ইরান কাজী ও মুরগির দোকানের মালিক রিতা বেগমসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
পুলিশ বলছে, রিতা বেগমের মুরগির দোকানের কর্মচারী ছিলেন এনায়েত কাজী। তিনি ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নজরদারিতে রাখা হয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মুরগি ঢোকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরেই হতাহতের ঘটনা ঘটেছে বলে তদন্তে নিশ্চিত হয়েছেন তারা। এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজন নজরদারিতে রয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হোটেলের ভেতরে একটি মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জেরেই হোটেলকর্মীদের ওপর হামলা করা হয়। এতে নাঈমুর নিহত হন। আহত হন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসান ওরফে রাজ্জাক এবং কর্মী মো. হাসান।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নাঈমুর রহমানের পরিবার। অসুস্থ ও দৃষ্টিহীন বাবার চিকিৎসা এবং সংসারের খরচ চলত নাঈমুরের আয়ে। তার মৃত্যুর পর বাবার দেখাশোনা ও চিকিৎসার খরচ কীভাবে চলবে, তা নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।
দুই ভাইয়ের মধ্যে নাঈমুর ছিলেন ছোট। বড় ভাই নাজমুল হুদা দুর্জয় এখনো বিয়ে করেননি। অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্ব তার ওপর। আর সংসারের খরচ ও বাবার চিকিৎসার অর্থ জোগাতেন নাঈমুর। তার আয়ে চলত পুরো পরিবার।