জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তার আইনজীবী নাজনীন নাহার। রবিবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ দিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয়।

পরে নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ৬ আগস্ট সামরিক বাহিনী থেকে অবসর যাওয়ার পর থেকেই জিয়াউল আহসানের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, যা এখনও চলছে। এ মিডিয়া ট্রায়ালের পেছনে কিছু মিডিয়া হাব ও প্রসিকিউশন টিম রয়েছে। মিডিয়া ট্রায়ালের একটি উল্লেখযোগ্য অংশ আজ আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি।

তিনি আরও বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তাদের একজন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম। সিলেটের ইনফ্যান্ট্রি স্কুলে প্রশিক্ষক থাকাকালে জিয়াউল আহসানের প্রশিক্ষক ছিলেন তিনি। ওই সময়ে তৌহিদুলই জিয়াউলের এসিআর লিখেছিলেন। এসিআর-এ উল্লিখিত বক্তব্য আমরা তুলে ধরেছি। কারণ ২০২৪ সাল থেকেই জিয়াউল আহসানকে দানব হিসেবে প্রচার শুরু করেছে এই প্রসিকিউশন টিম। কিন্তু এই দানব জিয়াউল আহসান নন।

আইনজীবী নাজনীন বলেন, তৌহিদুল ইসলামের ওই এসিআরে জিয়াউল আহসানকে একজন সম্মানিত, দক্ষ ও অনুকরণীয় সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাকে এসএসএফ, ডিজিএফআই ও র‍্যাবের মতো সংস্থায় পদায়নের সুপারিশও করেছিলেন তিনি। অথচ বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে চিফ প্রসিকিউটর উপস্থাপন করেছেন যে, জিয়াউল আহসানের পদোন্নতির যোগ্যতা ছিল না। আগের সরকারের পদলেহন করে তিনি পদোন্নতি পেয়েছিলেন।

২০০৮ সালে জিয়াউল আহসানকে অনুকরণীয় ও দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বিভিন্ন সংস্থায় পদায়নের সুপারিশ করলেও এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে এই তৌহিদুল ইসলামই বলেছেন, জিয়াউল আহসান মেজর থেকে পদোন্নতি পাওয়ার যোগ্য ছিলেন না। একই ব্যক্তির দুই ধরনের বক্তব্যের বিষয়টি তুলে ধরে জিয়াউল আহসানকে অপমানসূচক আচরণের জবাব যুক্তিতর্কে তুলে ধরেছেন বলে এই আইনজীবী জানান।

জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল অপরাধের অভিযোগের সময় ২০১০ থেকে ২০১৩ সাল উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজনীন বলেন, তৌহিদুল ইসলামের এসিআর ২০০৮ সালের হলেও সেটি প্রাসঙ্গিক। কারণ প্রসিকিউশনই জিয়াউল আহসানের যোগ্যতা ও আগের মূল্যায়নের বিষয়টি সামনে এনেছে।

তিনি বলেন, তৌহিদুল ইসলামের এসিআর ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আগে ট্রাইব্যুনালকে বলেছিলাম। তবে সেটি উপস্থাপনের প্রয়োজন মনে করেননি ট্রাইব্যুনাল। পরে তৌহিদুল ইসলামকে মামলার সাক্ষী হিসেবে আনা হবে জানতে পেরে এসিআরটি উপস্থাপন করতে চেয়েছিলাম। কিন্তু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়নি। অথচ নিজেদের যুক্তিতর্কে ওই বিষয়টি এনেছে প্রসিকিউশন। এ কারণে এর জবাব দেওয়া আমার দায়িত্ব ছিল।

তিন দিন যুক্তিতর্কে অভিযোগের বাইরে প্রসিকিউশন অনেক কথা বলেছে দাবি করেন নাজনীন নাহার। তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে সেসব বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ আমারও থাকা উচিত। অভিযোগের শুনানিতে আমরা দেখাবো যে, যাদের সাক্ষী হিসেবে আনা হয়েছে, তারা যে অপরাধগুলোর কথা বলেছেন, সেগুলোর কোনও ভিত্তি নেই। এসব অপরাধের সঙ্গে মূলত যারা যুক্ত, তাদেরই সাক্ষী হিসেবে আনা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের পক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ ছাড়া যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। এ সময় সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করা হয়। একইসঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়।

গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য হয়। এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।