গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের নেতারা। বুধবার (২৫ নভেম্বর) ককাসের আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং সদস্য ও ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।
এ সময় বিগত সাড়ে ১৫ বছরে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন ককাসের নেতারা।
ককাসের আহ্বায়ক ফাহিমা নাসরিন মুন্নি বলেন, গুমের শিকার পরিবারের সদস্যদের তাদের হারানো স্বজনের লাশটিও ফেরত দিতে পারেননি তারা। এসব পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্যক্রম দেখার সুযোগ করে দিয়ে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করতেই তারা ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়েছিলেন।
এ সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি নিশ্চিত করাই এই ককাসের মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী গুম ও হত্যার অপরাধের বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি দ্রুত রায় কার্যকর দেখতে চান।