রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী, শেরেবাংলা নগর ও দারুসসালাম এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পৌনে ৯টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, নাভানা টাওয়ারের সামনে ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।